দুর্ঘটনায় দেড় বছরের ছেলেকে নিয়ে মারা গেলেন বাবা, বেঁচে রইলেন মা

বাগেরহাটের ফকিরহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন।

আজ শনিবার সকালে বাগেরহাট–খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার ধরের ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হল- পটুয়াখালী জেলার সদর উপজেলার বুরিয়া গ্রামের মোসলেম রাঢ়ির ছেলে খলিলুর রহমান (৪২) ও তাঁর দেড় বছরের ছেলে। আহত হয়েছেন খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগম (৩৭)। মিনু বেগমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে খুলনা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী খলিলুর রহমান ও তাঁর ছেলে মারা যায়। গুরুতর আহত হন মিনু বেগম।

ফকিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিনু বেগম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাসটিকে জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।