খুলনায় দুর্বৃত্তের গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত

খুলনার ডুমু‌রিয়া উপ‌জেলার ৮ নম্বর শরাফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) তিনবা‌রের নির্বাচিত চেয়ারম‌্যান শেখ র‌বিউল ইসলাম র‌বি (৪৫) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। তি‌নি ডুমু‌রিয়া উপজেলা আওয়ামী লীগের বি‌শেষ কর্মীসভায় যোগ দিয়ে খুলনা মহানগরীর নিরালায় নিজ বাসভবনে ফিরছিলেন। 

শ‌নিবার রাত সা‌ড়ে ৯টার দি‌কে খুলনা–সাতক্ষীরা মহাসড়‌কের গুটু‌দিয়া ব্র্যাক হ্যাচারির কাছে এই ঘটনা ঘ‌টে।

নিহত ইউপি চেয়ারম‌্যা‌নের বড় শ্যালক বদরুজ্জামান বাবলু এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবি ডুমু‌রিয়া থে‌কে নিজ মোটরসাইকেল‌ে খুলনায় ফির‌ছি‌লেন। গুলিবিদ্ধ হওয়ার পর প্রথ‌মে স্থানীয়রা তাঁকে উদ্ধার ডুমু‌রিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে চি‌কিৎসকের পরামর্শে দ্রুত তাঁকে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হয়। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই মারা গেছেন রবি।

ডুমু‌রিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, নিহত চেয়ারম‌্যা‌নের মর‌দেহ খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে রয়েছে। সেখা‌নে ময়নাতদন্ত শে‌ষে পরিবারের কাছে হস্তান্তর করা হ‌বে। 

ঘটনার পরপরই আসামিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান ওসি। তিনি বলেন,  কেনো এই হত্যাকাণ্ড, তা তদন্ত ছাড়া বলা যাবে না।