চুয়াডাঙ্গায় সাপের কামড়ে এক বাকপ্রতিবন্ধীসহ দুই বালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর আগে বুধবার রাতে ঘুমের মধ্যে বিষধর সাপে কামড়ায় তাদের।
মারা যাওয়া কিশোররা হলো– চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের জয়দেব পালের ছেলে দেবাশীষ পাল (১২) ও একই উপজেলার ভুলটিয়া গ্রামের ফুল মিয়ার ছেলে বাকপ্রতিবন্ধী রাজন হোসেন (১৬)।
এলাকাবাসী জানায়, ডিঙ্গেদহের জয়দেব পালের ছেলে দেবাশীষ পাল বুধবার রাতে ঘরে ঘুমিয়ে ছিল। রাত আড়াইটার দিকে তার হাতে কামড় দেয় একটি বিষধর সাপ। তাকে সদর হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
একই রাতে ভুলটিয়া গ্রামের ফুল মিয়ার একমাত্র সন্তান বাকপ্রতিবন্ধী রাজন হোসেনও ঘরে ঘুমিয়ে ছিল। রাত ৩টার দিকে একটি বিষধর সাপ তার নাকে কামড় দেয়। পরে বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত দুই কিশোরের নিকটজনরা জানায়, সাপে কামড়ানোর পর ওঁঝার কাছে নিয়ে যাওয়ার কারণে তারা নেতিয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুস সাকিব দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এই চিকিৎসক বলেন, ‘সাপে কামড়ানোর পর অনেক দেরিতে তাদের হাসপাতালে আনা হয়।’