মেহেরপুরে কোমল পানীয় পানে অসুস্থ কৃষক, ২১ দিন পর মৃত্যু

মেহেরপুরে কোমল পানীয় পান করে অসুস্থ হয়ে এক কৃষক মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২১ দিন আগে অসুস্থ হওয়ার পর আজ রোববার মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

মারা যাওয়া শফিরুল ইসলাম গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের বাসিন্দা ছিলেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের শফিরুল ইসলামকে ওই গ্রামের রিমন ২১ দিন আগে একটি কোমল পানীয় পান করান। পরে শফিরুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করিয়ে বাড়িতে আসেন। কয়েকদিন আগে শফিরুল আবারও অসুস্থ বোধ করায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন মৃত্যু হয় তাঁর।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানিয়েছেন, কোমল পানীয় পান করার ফলে শফিরুল নামে এক কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত রির্পোট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।