নড়াইল-১ আসনের (নড়াইল-কালিয়া) সাবেক এমপি কবিরুল হক মুক্তির একটি বাড়ি এবং কালিয়া উপজেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা কালিয়া বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করে এবং একটি পথসভা করে। পরবর্তীতে বিকেল সাড়ে ৫টার দিকে একদল উত্তেজিত ছাত্র-জনতা কালিয়া বাজারে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের অফিস এবং কালিয়া ডাক বাংলোর পাশে অবস্থিত সাবেক এমপি কবিরুল হক মুক্তির কেনা একটা বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম।
এ বিষয়ে কালিয়া উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক স.ম ওয়াহিদুজ্জামান মিলু বলেন, ‘উপজেলা আওয়ামী লীগ অফিস ও কবিরুল হক মুক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তখন আমাদের সভা চলছিল। কে বা কারা এ কাজ করেছে তা আমাদের জানা নাই। এর সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।’
জানা গেছে, এই বাড়িতে সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যরা বসবাস করেন না।