মাগুরায় শিশু ধর্ষণ: বোন জামাইসহ চারজনের নামে মামলা

মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় মামলা হয়েছে। শনিবার বেলা ১টায় ভুক্তভোগী শিশুর মা (৩৬) বাদী হয়ে মাগুরা সদর থানায় চারজনকে আসামি করে মামলা রুজু করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।

ওসি জানান, মামলাটিতে চারজনকে আসামি করা হয়েছে। তারা হলো– শিশুটির বড় বোনের শ্বশুর মো. হিটু শেখ (৪২), তার স্ত্রী জাহেদা (৪৫), তাদের দুই ছেলে সজিব (১৮) ও মো রাতুল শেখ (২০)।

এজাহার সূত্রে জানা গেছে, শিশুটির মা অভিযোগ করেন চার মাস আগে বড় মেয়ের বিয়ে হয় হিটুর শেখের ছেলে সজিবের সঙ্গে। বিয়ের পর থেকে মেয়ের শ্বশুর কুপ্রস্তাব দিতে থাকেন। এই ঘটনা সম্পর্কে অবহিত ছিল অন্যান্য আসামিরা।

মামলার বাদী উল্লেখ করেন, ‘গত ১ মার্চ আমার ছোট মেয়ে (০৮) বড় মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। এরপর গত ৬ মার্চ আনুমানিক সকাল ১০টায় বড় মেয়ে মোবাইলফোনে জানায় তার ছোট বোন অসুস্থ। পরে আমি বড় মেয়ের শ্বশুর বাড়ি মাগুরা সদরের নীজনান্দুয়ীতে চলে আসি। তখন আমি জানতে পারি, আমার ছোট মেয়ে ৫ মার্চ রাতে বড় মেয়ে ও তার স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমিয়ে ছিল। এরপর গভীর রাতে বড় মেয়ে ঘুম থেকে জেগে দেখে তার ছোট বোন মেঝেতে পড়ে আছে। তখন ছোট বোন তার বড় বোনকে বলে তার গোপনাঙ্গ ব্যথা শুরু হয়েছে। এরপর সে অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসাপাতালে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতী হলে ফরিদপুর ও পরে ঢাকায় নেওয়া হয়।’

বাদীর মা আরও উল্লেখ করেন, ‘মাগুরা সদর হাসপাতালে মেয়েকে গাইনি বিভাগে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে তখন তার ডাক্তারি পরীক্ষা করা হয়। এরপর থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শিশুটির জরুরিভাবে চিকিৎসা চলছে। এজন্য মামলা করতে দেরি হলো।’

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘আসামিদের সবাই গ্রেপ্তার রয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান।’