মাগুরায় শালিখা উপজেলায় এক স্বর্ণকারের বাড়িতে আগুন লেগে সুমন (৪২) নামের এক শারীরিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। ঘটনার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।
উপজেলার আড়পাড়া বাজারের কালিগঞ্জ রোড এলাকার একটি বাড়িতে আজ রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমন ওই এলাকার দিলিপ কর্মকারের ছেলে।
এ বিষয়ে শালিখা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় দেবনাথ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি ইলেকট্রিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। খবর পেয়ে আমরা আগুন নিয়ন্ত্রণ করি। তদন্ত শেষে বলা যাবে আগুন লাগার সঠিক কারণ। ধারণা করা হচ্ছে, ঘরের মালামাল এবং নগদ টাকাসহ মোট ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
এ বিষয়ে মাগুরা শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, ‘মরদেহ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের রাখা আছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।’