বাগেরহাটে চারটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১১ 

বাগেরহাটের মোল্লাহাট থেকে চারটি বিদেশি পিস্তল, গুলিসহ ১১জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে সেভেন পয়েন্ট সিক্সটু এমএম চারটি চায়না পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয়টি তাজাগুলি জব্দ করা হয়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার আবুল খায়ের সেতুর টোলপ্লাজায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলিসহ তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

আজ শুক্রবার সকালে ডিবি পুলিশের এসআই বিপ্লব কুমার রায় বাদী হয়ে অস্ত্র আইনে ওই ১১জনের বিরুদ্ধে মোল্লাহাট থানায় একটি মামলা করেছেন। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঝিনাইদহ জেলার মহেলপুর উপজেলার কানাইডাঙা গ্রামের কদম আলী মোল্লার ছেলে কাউসার আলী (৪৩), একই গ্রামের আব্দুল মবিনের ছেলে মো. আতাউর রহমান (৩০), ধান্যহাড়িয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে আবুল হোসেন (৪৩), একই গ্রামের নুরুল ইসলামের ছেলে ইমদাদুল হক (৩১), একই গ্রামের নুর আলমের ছেলে মাসুম পারভেজ (২২), গয়েশপুর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে জনি মিয়া (২৭), উপজেলার জেলার হরিণাকুন্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে মো. ‎আতাউর রহমান (৩০), একই উপজেলার সাবেকবিন্দু গ্রামের ইদ্রিস আলীর ছেলে মো. খোকন বিশ্বাস (৪৫), একই গ্রামের আনিসুর রহমানের ছেলে সেলিম শাহ (৩১), সড়াবাড়ি গ্রামের আবুল বাসার মন্ডলের ছেলে খোকন মিয়া (৩৫) এবং ঝিনাইদহ সদর উপজেলার অধীর চন্দ্র দাসের ছেলে প্রসেনজিত দাস (২৮)।

বিষয়টি নিশ্চিত করে বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ সাংবাদিকদের বলেন, খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার আবুল খায়ের সেতুর টোলপ্লাজায় অবস্থান নেয়। ওই মাইক্রোবাসটি পৌঁছালে ডিবি পুলিশ তাদের গতিরোধ করে তাতে তল্লাশি চালিয়ে প্রথমে এগারোজনকে আটক করে। পরে তাদের কাছ থেকে অস্ত্রগুলো জব্দ করা হয়। এই ব্যক্তিরা কোথায় কি ধরনের অপরাধ সংগঠিত করতে যাচ্ছিল তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও ঝিনাইদহে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা তা পুলিশ তদন্ত করবে।