কুষ্টিয়ায় পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে ২ কিশোর নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভেড়ামারা উপজেলার কুষ্টিয়া-পাবনা আঞ্চলিক মহাসড়কের যাত্রী ছাউনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতেরা হলো কুষ্টিয়ার দৌলতপুর থানার তারাগুনিয়া গ্রামের নিপলু বিশ্বাসের ছেলে মো. নাহিন (১৬) ও একই উপজেলার মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে মো. সিয়াম (১৫)।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রব তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অন্তত ১০টি মোটরসাইকেলে উঠতি বয়সী কয়েকজন কিশোর লালন শাহ সেতু থেকে ভেড়ামারা অভিমুখে বেপরোয়া গতিতে আসার সময় পাবনা অভিমুখে যাওয়া একটি পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী নাহিন ও সিয়াম গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হাসপাতালে পৌঁছানোর আগেই নাহিন নামের কিশোরের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন সিয়াম নামের অপর কিশোরও মারা যায়।

ওসি আবদুল রব তালুকদার আরও জানান, নিহতদের উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।