কুয়াশা না থাকলেও শীতের তীব্রতা বেড়েছে মেহেরপুরে। এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।
সকালের কনকনে শীতে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের শ্রমজীবি মানুষের। মৃদু বাতাসে শীত অনুভুত হচ্ছে দ্বিগুণ। শীত থেকে কিছুটা স্বস্তি পেতে খড়কুটো জ্বালিয়ে চলছে তাপ নেওয়ার চেষ্টা। হাত পা ঠান্ডা হয়ে যাওয়া শীতকে উপেক্ষা করে জীবিকার সন্ধানে ঘর থেকে বের হয়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান জানিয়েছেন, আজ শনিবার সকাল ৬টায় এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় এক ইজিবাইক চালকের ভাষ্যে, ‘গত কয়েকদিনের তুলনায় আজ শীতটা একটু বেশি। অনেকটাই বেশি। আমরা কাজের মানুষ, ইজিবাইক চালাই। এই ঠান্ডার মধ্যে ইজিবাইক নিয়ে আসছি। হাত অনেক ঠান্ডা হয়ে গেছে আগুন জ্বালিয়ে হাত একটু গরম করার চেষ্টা করছি।’
স্থানীয় আরেক দিনমজুর বলছেন, ‘অন্য দিনের চেয়ে আজ শীত বেশি বাতাসও অনেক। বাইরে বের হওয়া যাচ্ছে না। হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে এবং শীতটা খুব বেশি। তার পরও আমাদের বাইরে আসতে হচ্ছে কাজের জন্য।’