খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের শিবসা নদীর ছোট ডাগরা খাল থেকে জাহাঙ্গীর বাহিনীর আস্তানায় কোস্টগার্ডের অভিযানে আট জিম্মি জেলে ও একটি একনলা বন্দুকসহ চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে কোস্টগার্ড স্টেশন কয়রা এই অভিযান পরিচালনা করে। এ সময় সাত রাউন্ড গুলির খোসাও উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উদ্ধারকৃত আট জেলে হলেন—কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা এলাকার আতিয়ার (২৮), একই এলাকার আবু সাঈদ গাজীর পুত্র আবুল খায়ের গাজী (২৪), মৃত মাদার আলীর পুত্র মো. মকছেদ আলী (৫০), ৩ নম্বর কয়রা এলাকার গনি হালদারের পুত্র মিজানুর রহমান (৩৭), মহারাজপুর এলাকার মৃত মো. মালেক ঢালীর পুত্র মোশারফ হোসেন ঢালী (৬০), মহারাজপুর মঠবাড়ি এলাকার মৃত সবেদ আলী গাজীর পুত্র জলিল গাজী (৩৫), ৬ নম্বর কয়রা এলাকার যাদব রপ্তানের পুত্র কৃষ্ণপদ রপ্তান (৪৫) এবং একই এলাকার অগর মণ্ডলের পুত্র সুগদেব মণ্ডল (২৭)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে জেলেদের উদ্ধার করা হয় এবং তাদের ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার করা হয়।