সুন্দরবনে মুক্তিপণের দাবিতে রিসোর্ট মালিকসহ অপহৃত দুই পর্যটককে উদ্ধার করা হয়েছে। রোববার রাতে তাদের উদ্ধারের তথ্য জানায় পুলিশ ও কোস্টগার্ড।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ‘সুন্দরবন থেকে অপহৃত পর্যটক ও রিসোর্ট মালিককে উদ্ধার করা হয়েছে। তারা সুস্থ রয়েছে।’
আজ সোমবার সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে কোস্টগার্ড বিস্তারিত তথ্য জানাবে বলেও জানান ওসি।
এর আগে, গত ২ জানুয়ারি দুপুর ১২টার দিকে সুন্দরবনের কানুরখোলা খাল এলাকা থেকে বনদস্যুদের হাতে অপহৃত হন ঢাকা থেকে আসা ৫ পর্যটক। তারা খুলনার দাকোপের ঢাংমারী এলাকার গোল কানন নামক রিসোর্টে বেড়াতে এসেছিল।
ওই দিন বিকেলে তারা রিসোর্ট মালিকের সঙ্গে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন এলাকায় ঘুরতে যায়। সে সময় বনদস্যু মাসুম বাহিনী তাদের অপহরণ করে। দস্যুরা দুই নারী পর্যটক এবং নৌকার দুই মাঝিকে ছেড়ে দিয়ে রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড় এবং পর্যটক সোহেল ও জনিকে করে নিয়ে যায়।
পরবর্তীতে রিসোর্ট মালিকের পরিবারের কাছে মোবাইলে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে পুলিশ জানায়। বিষয়টি জানার পর থেকে কোস্টগার্ড ও নৌ পুলিশসহ যৌথভাবে তাদের উদ্ধারে অভিযান শুরু করে।