নেই সংযোগ সড়ক, মেহেরপুরে সাড়ে ৭ কোটির সেতু অকেজো

সংযোগ সড়ক না থাকায় কোনো কাজেই আসছে না মেহেরপুরের সাড়ে ৭ কোটি টাকার সেতু। ফলে দুর্ভোগ কাটছে না স্থানীয়দের। তাঁদের অভিযোগ, সংশ্লিষ্টদের গাফিলতির কারণে দুর্ভোগ কমছে না এলাকার মানুষের। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বলছে, জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সংযোগ সড়কের কাজ।

দৌলতপুর ও গাংনী উপজেলার মানুষের দুর্ভোগ কমাতে ২০২৩ সালে মাথাভাঙ্গা নদীতে ৭৫ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণ করে এলজিইডি। কিন্তু সংযোগ সড়ক না থাকায় এর সুফল পাচ্ছেন না বাসিন্দারা।

স্থানীয়রা বলছেন, তিন বছর ধরে পড়ে আছে সেতুটি। দৌলতপুর অংশে নামমাত্র সংযোগ সড়ক নির্মাণ হলেও তা ভেঙে গেছে। এ জন্য সেতুটি ব্যবহার করতে পারছেন না তাঁরা। পণ্য পরিবহনে ঘুরতে হয় অনেক পথ।

এলজিইডি বলছে, ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সংযোগ সড়ক নির্মাণের কাজ। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সাথে আলোচনা চলছে বলে জানান এই প্রকৌশলী।

মেহেরপুরের গাংনী উপজেলা প্রকৌশলী রোকুনজ্জামান বলেন, ‘গাংনী উপজেলাধীন বেতবাড়িয়া মধুগাড়ি মাথাভাঙ্গা নদীর ওপর ৭৫ মিটারের ব্রিজ নির্মাণ করা হয়েছিল বেশ কয়েক বছর আগে। জমি সংক্রান্ত জটিলতার কারণে আমরা যোগাযোগ রক্ষা করতে পারি নাই। এ বিষয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।’