নড়াইলে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চাদপুর গ্রামে নিজ ঘর থেকে ভ্যান চালক জাহাঙ্গীর হোসেন সানা (৫৪) নামের এক ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা ১২টার দিকে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পৈত্রিক নিবাস যশোরের মনিরামপুরের চালুয়াহাটি এলাকায়। তিনি প্রায় ১৫ বছর ধরে নড়াইলে বসবাস করছেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠায়।
পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, জাহাঙ্গীর হোসেন পেশায় একজন ভ্যান চালক। তার পরিবার পাশ্ববর্তী গোপিকান্তপুর আশ্রায়ন প্রকল্পের ঘরে বসবাস করেন। বাড়তি কিছু আয়ের জন্য তিনি চাদপুরের জনৈক আবুল কালাম আজাদের বাড়ির কেয়ারটেকার হিসেবে বাড়িঘর দেখাশুনা করেন এবং প্রায় ১ বছর ধরে সেখানে একা বসবাস করছেন।
আরও জানা যায়, প্রতিদিনের মত শুক্রবার রাতে ভ্যান চালিয়ে আসেন জাহাঙ্গীর। রোববার দুপুরে এক প্রতিবেশী তার ঘরের দরজা খোলা দেখে এবং ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে এবং ভ্যান না দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।.
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, 'জাহাঙ্গীর হোসেন সানা (৫৪) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তার মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। হত্যার রহস্য উদঘাটনের লক্ষ্যে নড়াইল জেলা পুলিশের একাধিক টিম উপস্থিত হয়ে কাজ করছি। দ্রুত সময়ের মধ্য প্রকৃত ঘটনা উন্মোচন করা সম্ভব হবে।'