খুলনা–৫ আসনে ভোট দিলেন গোলাম পরওয়ার

খুলনা–৫ আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভোট দিয়েছেন। এ সময় তিনি ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

খুলনার পশ্চিম শিরোমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায় ভোট দেন গোলাম পরওয়ার।

এ সময় গোলাম পরওয়ার বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ সন্তোষজনক। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে খুলনার ৬টি সংসদীয় আসনে প্রার্থী রয়েছেন ৩৮জন। আর ভোটার আছেন ২১ লাখ ১ হাজার ৩৩৫জন। পুরুষ ভোটার ১০ লাখ ৪৬ হাজার ৪৩২, নারী ভোটার ১০ লাখ ৫৪ হাজার ৮৭৪জন। জেলার ৮৪০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬৬টি ঝুঁকিপূর্ণ।

নির্বাচন সুষ্ঠু করতে খুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট ১৮ হাজার ৬২৪ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এরমধ্যে সেনবাহিনী ১ হাজার ২৫০ জন সদস্য, নৌ বাহিনী ৯৫৪ জন, বিজিবি ৩০০ জন, পুলিশ ৪ হাজার ৫৫৫ জন, কোস্ট গার্ড ৩৫৫ জন, র‌্যাব সদস্য ৯৮ জন, আনসার ভিডিপির ১১ হাজার ১১২ জন সদস্য রয়েছেন।

প্রতিটি ভোটকেন্দ্রে তিনজন পুলিশ ও ১৩ জন আনসার থাকবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে চারজন পুলিশ এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কর্মকর্তাসহ পাঁচজন পুলিশ ও ১৩ জন আনসার থাকবেন। এ ছাড়া ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট  দায়িত্ব পালন করছেন।