ব্যালট বক্সে না ফেলে পকেটে নিয়ে গেলেন বাইরে, পেলেন ৩ বছরের কারাদণ্ড

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ভোটকক্ষ থেকে ব্যালট পেপার বাইরে নিয়ে আসার ঘটনায় এক যুবককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই আসনের তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। কারাদণ্ড পাওয়া ব্যক্তির নাম শাহীন আলী।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার হাসান উজ জামান জানান, শাহীন আলী নামে একজন ভোটার ব্যালট পেপার বক্সে না ফেলে পকেটে করে বাইরে নিয়ে যান। বিষয়টি জানাজানি হওয়ার পর তাকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনি জানান, পরে নির্বাচনে দায়িত্বরত কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জান্নাতুল ইসলাম অভিযুক্ত শাহিন আলীকে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। শাহিন আলী মিরপুর উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের আব্দুল মালিথার ছেলে।