সুন্দরবনে পৃথক দুটি অভিযানে অপহৃত দুই জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত দয়াল বাহিনীর এক সদস্যকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকেলে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন এ তথ্য জানান।
তিনি বলেন, সুন্দরবনে দস্যু দমনে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ এর আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ১৫ এপ্রিল মোংলার জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খাল সংলগ্ন এলাকা থেকে মাছ ধরার সময় অপহৃত দুই জেলেকে ১৬ এপ্রিল বিকেলে অভিযান চালিয়ে মূর্তি খাল এলাকা থেকে উদ্ধার করা হয়। অভিযানের সময় অপহরণকারীরা পালিয়ে যায়।
অন্যদিকে, শ্যামনগর থানার হোগলডারা খাল এলাকায় অভিযান চালিয়ে দয়াল বাহিনীর সক্রিয় সদস্য তরিকুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি একনলা বন্দুক ও ৯ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। তরিকুল খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সদস্য হিসেবে দস্যুতার সঙ্গে জড়িত ছিলেন বলে জানায় কোস্টগার্ড।
কোস্টগার্ড কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।