কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া গ্রামে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত-সমর্থিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মিরপুর থানা পুলিশের যৌথ অভিযানে ২১ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে রামদা ও হাতুড়িসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা রিয়াজুল হক তুফান গ্রুপ ও জামায়াত নেতা মুকুল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, রিয়াজুল হক তুফান, জাহাঙ্গীর ও নাহিদসহ কয়েকজন আগে জাসদের রাজনীতিতে সক্রিয় থাকলেও পরবর্তীতে বিএনপিতে যোগ দেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা থেকে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হন। ঘটনার জেরে শুক্রবার সকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ ও মিরপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বুরাপাড়া এলাকা থেকে ২১ জনকে আটক করে।
আটক ব্যক্তিরা জামায়াতের নেতাকর্মী বলে দাবি করেছেন মিরপুর উপজেলা জামায়াতের আমির রেজাউল হক। তিনি বলেন, স্থানীয় বিরোধের জেরে দায়ের করা মামলায় তাদের আটক করা হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ জানান, বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ‘বিশৃঙ্খলা সৃষ্টিকারী যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’