খুলনায় কর্মরত পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় রেলওয়ে পুলিশ লাইনে কর্মরত এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।

নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে।

খবর পেয়ে বাংলাদেশ রেলওয়ে পুলিশের খুলনা অঞ্চলের সিনিয়র কর্মকর্তারা এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

খুলনা জেলা রেলওয়ের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসান জানান, রেল পুলিশের কনস্টেবল সম্রাট বিশ্বাস কর্মরত অবস্থায় কপালে বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করেছেন। কেন বা কী কারনে আত্মহত্যা করেছেন তা তদন্ত করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হবে।