চুয়াডাঙ্গায় পিকআপ-ভ্যান সংঘর্ষে প্রাণ গেল নারীর

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত সালমা খাতুনের (৪০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে যশোর সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছে। 

নিহত সালমা খাতুন জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের মিজু মিয়ার স্ত্রী। 
এর আগে, একই দিন দুপুর ১টার দিকে জীবননগর-দর্শনা সড়কের মনোহরপুর শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ন-১৯-৭৭৪৪ নম্বরের একটি পিকআপ ভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে সালমা খাতুন গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার বাম পায়ের হাঁটুর ওপরের অংশের হাড় ভেঙে বাইরে বেরিয়ে আসে, ফলে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, 'পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি আটক করেছে। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।'