সুন্দরবনে দস্যুদের মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন ১১ জেলে

সুন্দরবনে বনদস্যুদের কবলে ৭ দিন জিম্মি থাকার পরে ৭ লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন ১১ জেলে। গত ৩ মে রাতে পূর্ব সুন্দরবনের আলোরকোল এলাকা থেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী ওই ১১ জেলেকে অপহরণ করে। 

অপহরণের তিন দিনের মাথায় অপর বনদস্যু গ্রুপ জাহাঙ্গীর বাহিনীর সাথে শরীফ বাহিনীর গুলি বিনিময় হয়। এরপর এই ১১ জেলেকে শরীফ বাহিনী তাদের কব্জায় নিয়ে সুন্দরবনের অজ্ঞাত স্থানে আটকে রাখে।

ফিরে আসা জেলেরা হচ্ছেন– শরণখোলার উত্তর রাজাপুর গ্রামের জেলে রুবেল হাওলাদার (৩০), ছগির (৩২), রাকিব (২৩), লুৎফর হাওলাদার (৩০), বাদল হাওলাদার (৩৫), সজিব হাওলাদার (২৭), হাফিজুল (২২), আলমগীর ফরাজী (৫০), ইয়াসিন হাওলাদার (২৩) ও পাথরঘাটার পদ্মা স্লুইস গেট এলাকার রুবেল (২৫) এবং খুলনার বটিয়াঘাটার দেব চন্দ্র (২৫)।

জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে ফিরে আসা শরণখোলার রুবেল হাওলাদার জানান, তিনিসহ অপর ১০ জেলেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী গত ৩ মে রাতে সুন্দরবনের আলোরকোল এলাকা থেকে অপহরণ করে তাদের পায়ে শিকল পরিয়ে আটকে রাখে। ৫ মে শরীফ বহিনী জাহাঙ্গীর বাহিনীর সাথে গুলি বিনিময় করে তাদের ছিনিয়ে সুন্দরবনের অজ্ঞাতস্থানে আটকে রাখে। 

রুবেল হাওলাদার জানান, ৭ লাখ টাকা মুক্তিপণ পেয়ে শরীফ বাহিনী তাদের ১১ জনকে ৮ মে শুক্রবার ভোর রাতে নৌকায় করে এনে সুন্দরবনের ধানসাগর আড়ুয়াবয়ার নদীর মোহনায় নামিয়ে দিয়ে যায়। পরদিন শনিবার তারা বাড়ি ফিরে যান। জাহাঙ্গীর বাহিনী তাদের বেধড়ক মারধর করেছে বলে জানান রুবেল।