এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত 

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা জামিন পেয়েছেন। জামিনের পর আজ সোমবার সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।

সোমবার সকালে ঝিনাইদহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে আদালত এনসিপি নেতা তারেক রেজার জামিন মঞ্জুর করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সব্যচারী রায়।

তবে একই মামলায় গ্রেপ্তার যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন না মঞ্জুর করেছেন আদালত।

এর আগে রোববার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা ও যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমানকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করে সদর থানা-পুলিশ। বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।