সাতক্ষীরায় পিকআপ ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে ২ ভাই নিহত

সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– মোটরসাইকেলের চালাক নাসিম ফকির (৩২) এবং আরোহী মেহেদী হাসান (২৫)। নাসিম ফকির তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের খোকন ফকিরের ছেলে এবং মেহেদী হাসান প্রসাদপুর গ্রামের হাফিজুল ফকিরের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

বিষয়টি নিশ্চিত করে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে নিজের খামারের জন্য মাছ আনতে চুকনগরের উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন নাসিম। এ সময় তার সঙ্গে আরোহী হিসেবে ছিলেন মেহেদী। পথে তেঁতুলিয়া এলাকায় পৌঁছালে ১৮ মাইল এলাকা থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় মোটরসাইকেলটি পিকআপ ভ্যানের নিচে আটকে যায়। এতে ঘটনাস্থলেই নাসিম ফকির নিহত হন এবং মেহেদী হাসান গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে মেহেদী হাসানেরও মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বলে জানান ওসি।