বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলীর (র.) মাজারের দীঘিতে থাকা একমাত্র কুমিরটি সরিয়ে নেওয়া হয়েছে। ৩ দিন আগে কুমিরটির আক্রমণে এক শিশুর মৃত্যুর পর প্রশাসনের পক্ষ থেকে জননিরাপত্তার স্বার্থে প্রাণীটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।
আজ বুধবার সকাল থেকেই বন বিভাগসহ প্রশাসনের লোকজন মাজার এলাকায় উপস্থিত হয়। সকাল সাড়ে ১০টার দিকে দিঘির পূর্ব পাড়ে কুমিরটির দেখা মেলে। পরে কুমিরটি ধরার কার্যক্রম শুরু হয়। দুপুর ১২টার দিকে খাবার দেখিয়ে বেঁধে ফেলা হয় কুমিরকে। এরপর দীঘি থেকে তুলে গাড়িতে করে খুলনায় নিয়ে যায় বন বিভাগ।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন জানান, জননিরাপত্তার স্বার্থে মাজারের দীঘির কুমিরটি অপসারণের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হচ্ছে প্রাণীটি। কুমিরের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।
এর আগে গত ১ জুন রাতে মাজারের দিঘীর কুমিরের আক্রমণে ৮ বছর বয়সী শিশু ফাতেমার মৃত্যুর পর প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের টনক নড়ে। ভবিষ্যতে কেউ যেন মাজারে কুমিরের আক্রমণের শিকার হতে না পারে সেই উদ্যোগের কথা জানায় প্রশাসন। তারই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার প্রশাসন কুমিরটি অপসারণের সিদ্ধান্ত নেয়।