চুয়াডাঙ্গা সীমান্তে ভারত থেকে ১১ জনকে পুশ–ইন করার চেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে দর্শনা সীমান্ত দিয়ে ওই ১১জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশ–ইন করার চেষ্টা করে।
বাধার মুখে পুশ–ইনের চেষ্টা করা ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়েছে। ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিজিবি জানায়, ভোরের দিকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের পাশে ৭৫ নম্বর মেইন পিলার সংলগ্ন ভারতীয় অংশে ১১ জন ব্যক্তিকে জড়ো করে বিএসএফ। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশে প্রবেশ করানো। পরে খবর পেয়ে দ্রুত সতর্ক অবস্থান নেন বিজিবি সদস্যরা।
পরিস্থিতি বুঝে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। পরে জড়ো করা ১১ জনকে শূন্যরেখা এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।
বিজিবি কর্মকর্তা নাজমুল হাসান বলেন, বিএসএফের পক্ষ থেকে পুশ–ইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবি তা প্রতিহত করেছে এবং পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে, শুক্রবার থেকে কুষ্টিয়ার প্রাগপুর সীমান্তের শূন্যরেখায় রয়েছেন বিএসএফের পুশ-ইনের চেষ্টা করা নারী, পুরুষ ও শিশুসহ ১২ জন।
দুই দেশের সীমান্তরক্ষীবাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে কোন সিদ্ধান্ত না হওয়ায় সীমান্তে শূন্যরেখায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। তবে মানবিক দিক বিচার করে বাংলাদেশি স্থানীয়রা তাদেরকে খাবার সরবরাহ করছেন।