ঝিনাইদহ সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় সিরাপ জব্দ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোর ৪টা ৪০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ সামন্তা বিওপির সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে বিজিবির একটি টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় দুই অজ্ঞাত চোরাকারবারীকে ধাওয়া করলে তারা সীমান্ত পিলার ৫৭/১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার বেলেহাটি গ্রামের মো. মোনতাজ আলীর পুকুরের উত্তর পাড়সংলগ্ন জঙ্গলে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ব্যাগটি তল্লাশি করে একটি কার্টনের ভেতর থেকে ইতালিতে তৈরি দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করেন।

জব্দ করা অস্ত্র, ম্যাগাজিন, গুলি ও এসকাফ সিরাপ মহেশপুর থানায় এজাহারের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।