বাগেরহাটে জেলা ও দায়রা জজ আদালত ভবনের পলেস্তারা খসে পড়ে পাঁচ বিচারপ্রার্থী আহত হয়েছেন। সোমবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা ভবনের নিচতলার (হাকিমী আদালত) কচুয়া এজলাসের সামনের বারান্দায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা দুর্ঘটনায় আহত বিচারপ্রার্থীদের দেখতে হাসপাতালে যান। সেখানে তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
আহতরা হলেন—সুমন দাস, হৃদয় হাওলাদার, হাবিুল্লাহ শেখ, মো. ফিরোজ শেখ ও মোতালেব হোসেন। এদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়।
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর প্রধান কৌঁশুলী (পিপি) এম এম মাহাবুব মোর্শেদ লালন বলেন, ‘বাগেরহাট জজ আদালতের নিচতলা যেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মামলা পরিচালনা করেন সেখানের কচুয়া কোর্টের সামনের বারান্দার ছাদের পলেস্তারা হঠাৎ করে খসে পড়ে। এসময় ওই বারান্দায় দাঁড়িয়ে থাকা সাতজন বিচার প্রার্থীর মাথায় পলেস্তারা খসে পড়ে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা হাসপাতালে ভর্তি ওই বিচার প্রার্থীদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।’
তিনি আরও বলেন, ‘বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা ভবনটি বেশ পুরানো। এই ভবনের অনেকস্থানে ফাটল ধরেছে। ভবনের যেসব স্থানে পলেস্তারা খসে পড়ছে এবং ফাটল ধরেছে তা দ্রুত সংষ্কার করতে সরকারের গণপূর্ত অধিদপ্তরকে অনুরোধ করা হয়েছে।’
বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শেখ আদনান হোসেন বলেন, ‘আদালত ভবনের পলেস্তারা খসে দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরা সবাই কমবেশি আহত হয়েছেন। তবে তা গুরুতর নয়। ভবনের পলেস্তারা খসে পড়ে কারও মাথায়, ঘাড়ে ও পায়ে আঘাত লেগেছে। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’