চুয়াডাঙ্গার জীবননগরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার অপরাধে আবুল হোসেন ফটিক (২৯) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ১২টায় চুয়াডাঙ্গার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোক্তাগীর আলম এ রায় দেন।
ফাঁসির আদেশ পাওয়া আসামি আবু হোসেন ফটিক জীবননগর উপজেলার গহেশপুর গ্রামের আবু তাহের মোল্লার ছেলে।
আদালতের পিপি এম এম শাহজাহান মুকুল জানান, ২০২৩ সালের ২১ ডিসেম্বর বেলা ১১টার দিকে জীবননগরের গোয়ালপাড়া গ্রামের মাঠে শাক তুলতে যায় ভুক্তভোগীসহ চার শিশু। এ সময় আসামি ভুক্তভোগীকে ধর্ষণ করে এবং গলা কেটে হত্যা করে।
এ ঘটনা নিয়ে নিহতের বাবা অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অনুসন্ধান করে আসামি শনাক্ত করে এবং ২০২৪ সালের ৭ মার্চ আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। ওইদিন আসামি আবুল হোসেন ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
এ মামলায় ২০২৪ সালের ৩১ অক্টোবর জীবননগর থানার এসআই সাইফুল ইসলাম আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করেন।
মামলায় মোট ৩১ জন সাক্ষী উপস্থাপন করা হয়। সাক্ষ্য প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। বিচারক আসামিকে মৃত্যুদণ্ড দেন এবং দুই হাজার টাকার অর্থদন্ডের আদেশ দিয়েছেন। আসামির উপস্থিততে রায় ঘোষণা করা হয়।