বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পছন্দের দল হেরে যাওয়ায় সাতক্ষীরাযর রসুলপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজুর রহমান ওরফে লালটু নামে এক আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
ললটু সাতক্ষীরা পৌরসভার রসুলপুর এলাকার মোটরসাইকেল মিস্ত্রি ফজলুর রহমানের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের জনক।
লালটুর চাচাতো ভাই শেখ জাকির হোসেন জানান, সদ্য বিশ্বকাপ ফুটবল খেলায় লালটু আর্জেন্টিনার সমর্থক ছিলেন। আর্জেন্টিনার প্রতিটি খেলা তিনি কদমতলা বাজারে বড় পর্দায় দেখতেন। বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল খেলা দেখে তিনি ভোরে বাড়ি আসেন। রাতের খাবার তিনি কদমতলা বাজারে রান্না-বান্না করে একসাথে খান। খেলায় আর্জেন্টিনা হেরে গেলে তিনি আফসোস করতে করতে বাড়িতে ফেরেন। কিছুক্ষণ পর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
লালটুর বন্ধু রবিউল ইসলাম জানান, খেলা দেখে ফিরে আসার পর তিনি দুইবার টয়লেটে যান। এ সময় তার স্ত্রী টয়লেটের কাপড় পরিষ্কার করে ফিরে এসে দেখেন, তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন। এসময় পরিবারের সদস্যরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আব্দুর রহমান জানান, লালটুকে হাসপাতালে ভর্তি করার আগেই তার মৃত্যু হয়েছে। তবে লক্ষণ দেখে মনে হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।