খুবিতে মেয়েদের হলে গোপনে ভিডিও ধারণ, আটক ১

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নারী ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হলের ক্যান্টিন কর্মী ইমাম হাসানকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার সুষ্ঠু বিচার ও ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, বুধবার রাতে হলের নারী ওয়াশরুমে একটি সন্দেহজনক মোবাইল ফোন পাওয়া যায়। এটি নিয়ে সমালোচনার পর অভিযুক্ত ক্যান্টিন কর্মীর ব্যবহৃত মোবাইলে একাধিক গোপন ভিডিও পাওয়া গেছে।

অভিযোগ উঠেছে, তিনি দীর্ঘদিন ধরে হলের ওয়াশরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে ভিডিও ধারণ করতেন এবং তা বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে শেয়ার করতেন। এ খবর ছড়িয়ে পড়লে হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার আশঙ্কা ছড়িয়ে পড়ে। পরে শিক্ষার্থীরা অভিযুক্তকে আটকে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন।

যৌন হয়রানিমূলক অপরাধের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার অভিযোগ এনে এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এ ছাড়াও শিক্ষার্থীরা যৌন হয়রানির ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের সকল প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন। অভিযুক্ত ইমাম বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. সেলিনা আহম্মেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন। আমরা মেয়েদের হলে কাজ করা কর্মচারীদের মোবাইল ব্যবহার বন্ধ করেছি। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।