এমপির বাড়ি ঘেরাওয়ের ঘটনায় ‘পরিকল্পিত হামলার’ অভিযোগ জামায়াতের

যশোর জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়িতে পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর এবং তাকে ও তার পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ করেছে জেলা জামায়াত।

মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবাদ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এসব অভিযোগ করেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী।

তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে সংসদ সদস্য গোলাম রসুলের বাড়িতে হামলা চালানো হয়েছে। এ সময় বাড়িতে ভাঙচুর করা হয় এবং গোলাম রসুল ও তার পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয়।

সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাওয়ের প্রতিবাদে জেলা জামায়াত এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিকেল সাড়ে ৬টার দিকে শহরের ঈদগাহ ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে মঙ্গলবার সকালে গোলাম রসুলের বাড়ির বিপরীতে অবস্থিত আল-মাদ্রাসাতুল শারইয়্যাহর কয়েকজন শিশুকে মারধরের অভিযোগ ওঠে তার মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, পরে তিনি কয়েকজন শিশু ও তাদের অভিভাবকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে এক অভিভাবকের মাথায় তালা দিয়ে আঘাত করেন।

এ ঘটনার পর ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন।

তবে এ ঘটনায় সংসদ সদস্য গোলাম রসুল বা তার পরিবারের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।