ঝিনাইদহে স্টেশনে ট্রেন থামিয়ে নিখোঁজ চালক, ফিরলেন এক ঘণ্টা পর

ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাড়ি আপ ট্রেন থামিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন চালক। তবে, এক ঘণ্টা ৭ মিনিট পর চালক ফিরে এসে ট্রেন নিয়ে যাত্রা করেন।

বুধবার সন্ধ্যার এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন ট্রেনের যাত্রীরা। যাত্রীদের বিক্ষোভের পর স্টেশনের মাস্টার ও কর্মচারীরাও পালিয়ে যান।

সাগরদাড়ি ট্রেনের গার্ড শফিকুল ইসলাম জানান, খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটি সন্ধ্যা ৬টা ৭ মিনিটে মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছায়। এরপর ট্রেন না ছাড়ায় খোঁজ নিয়ে জানা যায়, চালক ট্রেন রেখে চলে গেছেন। তবে কী কারণে তিনি চলে যান তা জানা যায়নি।

মোবারকগঞ্জ রেল স্টেশন মাস্টার শাহজাহান আলী জানান, খুলনা থেকে ছেড়ে সাগরদাড়ি ১৬১ আপ ট্রেনটি ৬টা ৭ মিনিটে মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছায়। নিয়ম অনুযায়ী ২ মিনিট দাঁড়িয়ে থাকার পর ক্লিয়ার দেওয়া হয়, কিন্তু সেখানে চালকের ইঞ্জিনে গিয়ে দেখা যায়, দরজা বন্ধ, ইঞ্জিনও বন্ধ।

তিনি জানান, এরপর থেকে খোঁজাখুঁজি শুরু করা হয়। এক ঘণ্টার অধিক সময় পর চালক ফিরে আসেন এবং ট্রেন নিয়ে যাত্রা শুরু করেন।