মাগুরায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে খাদে পড়ল বাস, আহত ১০

মাগুরা-যশোর মহাসড়কের জাগলা এলাকায় একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলও বাসের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

আজ সকাল ১১টার দিকে মাগুরার জাগলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘গোল্ডেন লাইন পরিবহন’ নামের একটি বাস মাগুরা সদরের জাগলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা লেগে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলও বাসের সঙ্গে ধাক্কা খায়।

দুর্ঘটনায় বাসটির পেছনের অংশ ও জানালার কাচ ভেঙে যায়। এতে প্রায় ১০ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার বিষয়ে মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মারা যাননি। দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহনই পুলিশ হেফাজতে রয়েছে। ধানখেত থেকে বাসটি উদ্ধারের প্রস্তুতি চলছে।