কুষ্টিয়া শহরে অচল ৬৪ সিসি ক্যামেরা, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি

প্রায় দুই বছর ধরে অচল কুষ্টিয়া শহরের নিরাপত্তার জন্য বসানো ৬৪টি সিসিটিভি ক্যামেরা। যা এক সময় শহরের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো। সিসি ক্যামেরা চালু না থাকায় উল্লেখযোগ্য হারে বেড়েছে ছিনতাই, চুরি, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধ। অপরাধীদের শনাক্ত করতেও হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। বরাদ্দ পেলে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রশাসনের।

নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ২০১৭ সালে কুষ্টিয়া শহরের থানার মোড়, মজমপুর গেট, বড়বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ৬৪টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করে প্রশাসন। কিন্তু প্রায় ২ বছর হলো, অচল হয়েছে ক্যামেরাগুলো। কোথাও ক্যামেরা খুলে নেওয়া হয়েছে আবার কোথাও ক্যামেরা বক্সই গায়েব।

ফলে শহরে বেড়েছে চুরি, ছিনতাই, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধ। নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে মানুষের মধ্যে।

কুষ্টিয়া সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য মিজানুর রহমান লাকি বলেন, ‘সিসিটিভি ক্যামেরা শুধু অপরাধ প্রতিরোধেই ভূমিকা রাখে না। অপরাধের প্রমাণ হিসেবেও কাজ করে। তাই দ্রুত নতুন ক্যামেরা স্থাপন করা দরকার।’

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, ‘অচল ক্যামেরাগুলো মেরামত কিংবা নতুন ক্যামেরা স্থাপনের জন্য এখনো কোনো বরাদ্দ পাওয়া যায়নি। তবে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’

দ্রুত ক্যামেরা পুনঃস্থাপন করা না হলে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে মনে করেন শহরবাসী।