খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনি মহল শহীদের মোড় এলাকায় জয় ঢালি (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, জয় ঢালি স্থানীয় একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। দুর্বৃত্তের হামলায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ওসি আরও জানান, তাঁর শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহ্ন দেখা গেছে। বিশেষ করে গলা ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা জেলা পুলিশ সুপার মো. তাইজুল ইসলাম জানান, তাঁর বিরুদ্ধে রূপসা থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে।