নাটোরের লালপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক শান্ত ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সালামপুর খাঁপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
নিহত শান্ত ইসলাম সালামপুর গ্রামের মিলন হোসেনের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, শান্ত মোটরসাইকেল নিয়ে লালপুর বাজার থেকে সালামপুর খাঁপাড়া এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় বিপরীতমুখী একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর জখম হন শান্ত।
ওসি বলেন, ‘স্থানীয়রা আহত অবস্থায় শান্তকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় এবং এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য নিহতের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।’


