কলকাতার আগুনে পুড়ে কুষ্টিয়ার একই পরিবারের ৪ জনের মৃত্যু

ভারতের কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় কুষ্টিয়ার একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন কুষ্টিয়া জেলার সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা শিম্মিন (২৯), সন্তান শর্ণশীষ দত্ত (৩) ও শ্বশুর আকরাম হোসেন (৬৪)। 

নিহত দেবাশীষ দত্ত স্থানীয় দৈনিক আজকের আলোক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকসহ এবং দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার স্থানীয় দৈনিক আজকের আলোর পত্রিকার সম্পাদক ও প্রকাশক গাজী মাহবুবুর রহমান। 

এদিকে তাদের মৃত্যুর সংবাদ সাংবাদিক দেবাশীষ দত্তের বাড়িতে চলছে শোকের মাতম। তার বাড়িতে গিয়ে সরেজমিনে দেখা যায়, আত্মীয়-স্বজনেরা কান্নায় ভেঙে পড়েছেন। 

স্থানীয় ও পারিবার সূত্রে জানা যায়, কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দেবাশীষ দত্তসহ তার পরিবারের সদস্যরা প্রাণ হারান। নিহতদের মধ্যে তার স্ত্রী, সন্তান এবং শ্বশুর রয়েছেন।

তারা চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছিলেন। পিটিআই ও এনডিটিভিসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

কুষ্টিয়া প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি আল মামুন সাগর বলেন, ‘দেবাশীষের মৃত্যু এখনো আমাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। তিনি শুধু একজন ভালো সাংবাদিকই ছিলেন না, অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তার অকাল মৃত্যুতে কুষ্টিয়াবাসী তথা দেশবাসী একজন গুণী সাংবাদিককে হারালো।’