বাগেরহাটের মোংলায় আট বছরের শিশুকে ধর্ষণের দায়ে সুমন শিকদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে সিগনাল টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গত রোববার দুপুরে মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি মাছের ঘেরে ভিকটিমকে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্ত সুমন শিকদার। ধর্ষণের বিষয়টি কাউকে না জানানোর জন্য শিশুটিকে ভয়ভীতি দেখায় সুমন। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে শুক্রবার তার বাবা–মাকে বিষয়টি জানায়। এরপর দ্রুত ভিকটিমকে হাসপাতালে ভর্তি করানো হয়।
বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ শুক্রবার বিকালেই ধর্ষক সুমন শিকদারকে আটক করে।
ওসি আতিকুর রহমান আরও জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।