চরমপন্থী আতঙ্কে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দারা। দুই মাসে অন্তত ৩০টি পরিবারের কাছে চাঁদা চেয়ে চিঠি দেওয়া হয়েছে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নামে। ভয়ে অনেকে এলাকা ছেড়েছেন। পুলিশ নজরদারি বাড়ালেও চাঁদা দাবির সঙ্গে কারা জড়িত তা দ্রুত খুঁজে বের করার দাবি গ্রামের মানুষের।
সরেজমিনে দেখা যায়, মিরপুরের পুটিমারী গ্রামে একটি বাড়ি দুই মাস ধরে তালাবদ্ধ। বাড়ির সদস্যরা আশ্রয় নিয়েছেন আত্মীয়দের কাছে। মাস দুয়েক আগে ঘরের দরজায় একটি চিঠি রেখে যায় অজ্ঞাতরা। চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নামে চাওয়া হয় ২ লাখ টাকা। নইলে পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়।
এ ঘটনার কিছুদিন পর চিঠি আসে ইশেলমারী বাজার কামিটির সভাপতি আনোয়ার হোসেনের কাছে। এভাবে আরও অন্তত ১২ জনের কাছ থেকে বিভিন্ন অংকের চাঁদা দাবি করা হয়। গত দুই মাসে এমন চিঠি পেয়েছে কুর্শা, ইশেলমারী, পুটিমারী এবং ভেদামারী গ্রামের কমপক্ষে ৩০টি পরিবার। এতে আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মিরপুর উপজেলা।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, থানায় বেশ কিছু সাধারণ ডায়েরির পর ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। বাসিন্দাদের ভয় দূর করতে বাড়ানো হয়েছে নজরদারি।
চাঁদার টাকা পাঠানোর জন্য ওই চার ইউনিয়নেরই বিভিন্ন বিকাশ এজেন্টের নম্বর দেওয়া হয়েছে চিঠিতে। গেল শতকের আশির দশকে এই এলাকাগুলো চরমপন্থীদের অভয়াশ্রম হিসেবেই পরিচিত ছিল।