কুষ্টিয়ায় স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে হালিম সর্দার (৬০) নামের একজন নিহত হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ শনিবার সকালে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর এবং রাজাপুর গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হালিম সর্দার খয়েরপুর এলাকার মৃত কলম সর্দারের ছেলে।
এ ঘটনায় বকুল সর্দার (৩০) নামের একজন গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত বকুল সর্দার খয়েরপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা য়ায়, মসজিদের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে আলামপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় মান্নান মেম্বার ও বকুলেআলীর সাথে খয়েরপুর গ্রামের ইউসুফ মেম্বার ও মেহেদী হোসেনের সমর্থকদের মধ্যে বেশ কয়েকদিন ধরে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা চলছিল। আজ সকালে চাপাইগাছি বিলের পাশে দুই গ্রুপ লোকজন জড়ো হয়। সেই ঘটনাস্থলে যাওয়ার জন্য হালিম বাড়ি থেকে বের হলে পথিমধ্যে মান্নান মেম্বার সমর্থকের নজরুলের বাড়ির ছাদ থেকে ফালা ছুড়ে মারলে হালিমের গলায় লেগে হালিম ঘটনাস্থলেই নিহত হন।
নিহতের হালিম সর্দারের পরিবার জানায়, সকাল ৮টার সময় বাড়ি থেকে বের হয়ে বিলের দিকে যাচ্ছিলেন হালিম সর্দার। ওই সময় পাশের গ্রামের মান্নান গ্রুপের সমর্থক নজরুলের বাড়ির ছাদের ওপর থেকে দেশীয় অস্ত্র ফালা ছুড়ে মারে। ফালা সরাসরি হালিমের গলার মধ্যে ঢুকে গেলে ঘটনাস্থলেই মারা যান হালিম। পরে হালিমের পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে।