খুলনায় একটি সিগারেট কোম্পানির এক কর্মীকে গুলি করে ল্যাপটপ ছিনতাই করেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে তাকে গুলি করা হয়।
আহত ব্যক্তির নাম মো. সালমান। তিনি খুলনা নগরীর সবুজবাগ এলাকার মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুটি মোটরসাইকেলে করে চার দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে সালমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পেটের ডান পাশে গুলি লাগে। পরে দুর্বৃত্তরা তার কাছে থাকা ল্যাপটপের ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, গুলির কারণ ও ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।
এর আগে, গতরাত ১২টার দিকে খুলনার বটিয়াঘাটায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতা সোহেল শেখ আহত হন। এছাড়া, গত ২২ অক্টোবর গরীর লবণচরা থানাধীন জিন্নাপাড়া এলাকায় খুশি নামে এক নারীকে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।