খুলনার ডুমুরিয়ায় একটি চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমভিটা রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে এ হত্যাকাণ্ড হয়।
নিহত তরিকুল ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।
পুলিশ জানায়, তরিকুল ইসলাম শেখ ওই চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে দুই দুর্বৃত্ত সেখানে আসে। পরে তারা দোকানের ভেতরে ঢুকে তরিকুলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান মুঠোফোনে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে, কারা এর সঙ্গে জড়িত কিংবা এর পেছনে পূর্বশত্রুতা রয়েছে কি না– তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।