মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন, ছেলে পলাতক

নড়াইলের লোহাগড়ায় মাদক কেনার টাকা না পেয়ে বাবাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার  দুপুরে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ হত্যাকাণ্ড হয়। 

নিহত আফসার শেখ (৬০) পেশায় একজন কৃষক ছিলেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে খায়রুল শেখ (২৪) পলাতক। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বেকার ছেলে খায়রুল মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করতেন। টাকা না পেলে বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুরও করতেন। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে বাবার সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। 
একপর্যায়ে খায়রুল বটি দিয়ে বাবা আফসার শেখের মাথা, পেট ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় খায়রুলের মা ও স্ত্রী বাড়িতে উপস্থিত ছিলেন। হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত খায়রুল পালিয়ে যান।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পলাতক অভিযুক্ত খায়রুল শেখকে আটকের চেষ্টা চলছে।