লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টো তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। এছাড়া হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানিয়েছে তারা।
আজ সোমবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম বাবুল হোসেন(৬)। বাকি দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা ১১টার দিকে আনন্দ পরিবহন নামের একটি বাস ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে চৌমুহনী বাসটার্মিনাল থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। চন্দ্রগঞ্জের চরমচামিতা বাজার এলাকায় বাসটি পৌঁছালে হঠাৎ গর্তে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে চন্দ্রগঞ্জের লতিফপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে বাবুল মিয়া ও অজ্ঞাত এক পুরুষ ও নারীসহ তিনজন ঘটনাস্থলে মারা যায়।
এসময় আবদুর রহমান, রিয়াজ উদ্দিন ও সুমন হোসেনসহ অন্তত আরও ২৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সাতজনের অবস্থায় আশঙ্কাজনক। তবে বেপোরায়া গতি ও রাস্তার কারণে এই দুর্ঘটনা বলে জানান স্থানীয়রা।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসা চলছে।
ওসি আদেল আকবর জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।