সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে বন বিভাগের জব্দ করা কয়লাবাহী একটি কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার রাতে কার্গো জাহাজটি থেকে ধোঁয়া বের হতে দেখে দায়িত্বে থাকা বনরক্ষীরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে শরণখোলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কার্গোতে থাকা কয়লা থেকে পুনরায় আগুন লাগার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে তারা।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আফতাব-ই আলম জানান, দীর্ঘদিন ধরে কার্গোটি বদ্ধ অবস্থায় থাকায় ভেতরে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারেনি। এতে নিচের অংশে থাকা কয়লায় অতিরিক্ত তাপ সৃষ্টি হয়ে আগুনের সূত্রপাত হয়। দ্রুত কয়লা খালাস করা না হলে আবারও আগুন লাগার সম্ভাবনা রয়েছে।
পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, এ ঘটনায় নাশকতার কোনো বিষয় নেই। আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে জানানো হয়। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত কার্গোটি পর্যবেক্ষণে রাখা হয়। বৃহস্পতিবার সকালে পুনরায় আগুন লাগার আশঙ্কা রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তারা।
বন বিভাগ সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর সুন্দরবনের ভোলা নদীতে নিয়মিত টহলের সময় ইন্দোনেশিয়ার প্রায় ২৩০ টন কয়লাবাহী কার্গোটি জব্দ করা হয়। মোংলা বন্দর থেকে নৌপথে কয়লা পাচারের সময় কার্গোসহ কয়লা আটক করা হয়। এ সময় জাহাজে থাকা নয়জনকে আটক করে বন বিভাগ। পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে তারা বাগেরহাট জেলা কারাগারে রয়েছেন।