খুলনার রূপসায় মো. জাকির হোসেন নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্বল্পবাহিরদিয়া এলাকায় তাকে গুলি করা হয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, মো. জাকির হোসেন একজন বিএনপি কর্মী। তিনি স্বল্পবাহিরদিয়া এলাকায় একটি দোকানে বসে ছিলেন। এ সময় মটরসাইকেলে হেলমেট পরিহিত অবস্থায় কিছু যুবক এসে তাকে গুলি করে। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ‘আমরা ঘটনাস্থলে আছি। সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে।’
তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি ওসি।