সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় হওয়া এ মামলায় ছাত্রলীগ-যুবলীগের ৮ জনের নামসহ ৩৮ জনকে আসামি করা হয়েছে।
নুসরাত তাবাসসুম বাদী হয়ে মামলাটি করেন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
বুধবার মধ্যরাতে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় নুসরাত তাবাসসুমের পরিবার ও এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে নুসরাতের গ্রামের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় উচ্চপর্যায়ের একটি সংসদীয় প্রতিনিধি দল। বিকেল ৩টায় সেখানে সংবাদ সম্মেলন করবেন তারা।