বাগেরহাটের মোরেলগঞ্জে অভাব-অনটন ও স্বামীর অবহেলার কারণে ৩০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া ১৫ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে শুক্রবার দুপুরে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্ট পক্ষগুলোকে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়।
এর আগে গত বুধবার সন্ধ্যায় উপজেলার বারইখালী গ্রামে শিশুটিকে বিক্রির ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, শিশুটির মা অনিকা আক্তার মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামের হাসান চৌধুরী নামের এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে আল-আমিন নামের একটি ছেলেসন্তানের জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স ১ বছর ৩ মাস।
অনিকা আক্তার জানান, বিয়ের পর থেকে স্বামী হাসান চৌধুরী তার ও সন্তানের যথাযথ খোঁজখবর নিতেন না। ফলে সংসারে তীব্র আর্থিক সংকট দেখা দেয়। একপর্যায়ে তিনি নিজেও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চরম অসহায়ত্বের মধ্যে পড়ে বাধ্য হয়ে ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুসন্তানকে অন্য এক ব্যক্তির কাছে তুলে দেন।
জানা গেছে, বাগেরহাটের মোংলা উপজেলার বাসিন্দা শহিদুলের স্ত্রী নূরজাহান বেগম টাকার বিনিময়ে শিশুটিকে নিয়েছিলেন।
শিশুটির নানা পলাশ শেখ বলেন, ‘আমার বয়স হয়েছে, নানা রোগে আক্রান্ত। নিজের চিকিৎসার খরচই জোগাড় করতে পারি না। তার ওপর মেয়ে ও নাতির ভরণপোষণের ব্যবস্থা কীভাবে করব?’
নিজের অসুস্থতা ও অসহায়ত্বের কথা উল্লেখ করে অনিকা আক্তার বলেন, ‘আমি জটিল রোগে আক্রান্ত। অভাব-অনটনের মধ্যে ছেলেকে কী খাওয়াব? বাধ্য হয়েছিলাম।’
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লা বলেন, খবর পেয়ে শিশুটিকে দ্রুত উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে কোনো শিশুকে এভাবে বিক্রির সুযোগ নেই। আপাতত মায়ের শারীরিক অবস্থা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে এবং শিশুটিকে মায়ের জিম্মায় দেওয়া হবে। পরবর্তী সময়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।