সাতক্ষীরা সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির

অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বিজিবি। বিজিবির ৩৩ ব্যাটালিয়ন ৫৪ কিলোমিটার এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন, টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। 

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান এসব তথ্য জানান। 

তিনি জানান, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি দিবা-রাত্রী সীমান্তবর্তী এলাকায় টহল পরিচালনা এবং সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। অবৈধভাবে যাতে কেউ সীমান্ত পারাপার ও অনুপ্রবেশ না করতে পারে সেজন্য এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত ১৫ নভেম্বর দিবাগত রাতে সীমান্তের অন্তত পাঁচটি স্থানে অজ্ঞাত ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। পরে টহল দল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে আটক করে। তাদেরকে সাতক্ষীরা সদর ও কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
 
বিজিবি অধিনায়ক জানান, সীমান্তে নজরদারি বাড়াতে থার্মাল ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার, সার্চলাইট ও সিসি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া প্রাপ্ত গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করে নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে।