বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ও বৈরী আবহাওয়ার প্রভাবে সুন্দরবনের দুবলার চরের শুঁটকি পল্লীতে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। উত্তাল সাগরে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। অন্যদিকে, বৃষ্টিতে চাতাল ও মাচায় শুকাতে দেওয়া কাঁচা মাছ নষ্ট হয়ে যাচ্ছে। এতে ব্যবসায়ী ও জেলেদের প্রায় ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টদের তথ্যমতে, দুবলার চরের চারটি শুঁটকি পল্লীতে এক হাজারের বেশি মাছ ব্যবসায়ী রয়েছেন। তাদের অধীনে কাজ করেন প্রায় ২০ হাজার জেলে ও শ্রমিক। বৈরী আবহাওয়ায় মাছ ধরা ও শুঁটকি উৎপাদন বন্ধ থাকলেও শ্রমিকদের বেতন, খাবারসহ অন্যান্য খরচ বহন করতে হচ্ছে ব্যবসায়ীদের। এতে প্রতিদিনই বাড়ছে লোকসানের পরিমাণ।
আলোরকোল শুঁটকি পল্লীর মালিক ও রামপাল জেলে সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির শেখ জানান, এবার দুর্যোগের মধ্য দিয়েই শুঁটকি মৌসুম শুরু হয়েছে। দ্বিতীয় দফায় বৈরী আবহাওয়ার কারণে ঝড়-বৃষ্টিতে জেলেরা সাগরে যেতে পারছেন না। বৃষ্টিতে অনেকের চাতাল ও মাচায় থাকা কাঁচা মাছ নষ্ট হয়েছে। গত মৌসুমে লোকসানের পর এবারও ঋণ নিয়ে ব্যবসায় নেমেছিলেন অধিকাংশ আড়তদার । মৌসুমের শুরুতেই আবারও দুর্যোগের কবলে পড়ায় বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তারা।
ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ জানান, বৃষ্টির কারণে মাছ শুকানো সম্ভব না হওয়ায় বিপুল পরিমাণ মাছ নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়া এসব মাছ মানুষের খাদ্য হিসেবে ব্যবহারের উপযোগী নয়। তবে পোলট্রি শিল্প বা পশুখাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। তার দাবি, শুধু নষ্ট হওয়া মাছের মূল্যই প্রায় দেড় কোটি টাকা।
জেলে পল্লীর অন্য সদস্যরাও জানান, মাছ শুকাতে না পারায় বিপুল পরিমাণ কাঁচা মাছ নষ্ট হয়েছে। পাশাপাশি শ্রমিকদের বেতন, খাবার ও অন্যান্য খরচ মিলিয়ে সবমিলিয়ে তাদের প্রায় ছয় থেকে সাত কোটি টাকার ক্ষতি হয়েছে।
এদিকে, মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর-রশিদ জানান, রোববার দুপুর নাগাদ বৃষ্টি বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাধারণত অক্টোবরের শেষ থেকে মার্চের শেষ পর্যন্ত দুবলার চরে শুঁটকি তৈরির কার্যক্রম চলে। কিন্তু মৌসুমের শুরুতেই বারবার বৈরী আবহাওয়ার কারণে কাজ বন্ধ হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন জেলে ও ব্যবসায়ীরা। ঋণ ও বায়না টাকা পরিশোধের পাশাপাশি সংসার চালানো নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে তাদের মধ্যে।